নতুন গ্রাফিক্স ও ফিচার নিয়ে বাজারে এলো জাভা অল স্টারস ৪২ ববার

গ্লোবাল চেস লিগ ২০২৬-এর মঞ্চে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন নতুন ‘জাভা অল স্টারস ৪২ ববার’। ব্র্যান্ডটির ‘অল স্টারস’ সিরিজের অধীনে এটি দ্বিতীয় সংযোজন বা ‘স্ট্রাইক টু’। ভারতের প্রথম পারপাস-বিল্ট ববার হিসেবে পরিচিত এবং ‘স্টাইল আইকন অফ দ্য ইয়ার’ খেতাবপ্রাপ্ত এই মোটরসাইকেলটি তার স্বকীয় ক্যান্টিলিভার সিট, রিয়ার মনোশক সাসপেনশন এবং দুর্দান্ত উপস্থিতির জন্য বাইকপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

নতুন এই অল স্টারস সংস্করণে দাবা খেলার সঙ্গে সঙ্গতি রেখে চেকার্ড গ্রাফিক্স, বিশেষ ইনসিগনিয়া এবং নজরকাড়া নতুন রঙের সংমিশ্রণ আনা হয়েছে। এর মধ্যে ‘অল স্টারস সিলভার নাইট’ এবং ম্যাট ফিনিশের ‘অল স্টারস শ্যাডো ব্ল্যাক’ বিশেষ আকর্ষণ তৈরি করে। আত্মবিশ্বাস, সাহস ও স্বাধীন চিন্তাধারার প্রতীক হিসেবে তৈরি এই সংস্করণের লঞ্চের সময় আনন্দ মাহিন্দ্রা বলেন, “দাবা বোর্ডের প্রতিটি চাল যেমন খেলোয়াড়ের নিজস্ব বুদ্ধিমত্তা ও লক্ষ্যের ওপর নির্ভর করে, তেমনি রাস্তায় চলাচলের ক্ষেত্রেও এই বাইকটি তাদের পছন্দ যারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন।”

কারিগরির দিক থেকে বাইকটিতে রয়েছে ৩৩৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা ২৯.৯ পিএস শক্তি এবং ৩০.০১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স, ডুয়াল চ্যানেল এবিএস এবং ১২.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ক্রেতাদের সুবিধার্থে সংস্থাটি ৪ বছর বা ৫০,০০০ কিমির ওয়ারেন্টি এবং ৮ বছর পর্যন্ত রোডসাইড অ্যাসিস্ট্যান্সের মতো আকর্ষণীয় সুবিধা দিচ্ছে। দিল্লিতে এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ২,০৮,৯৪২ টাকা থেকে। দেশের ৪৫০টিরও বেশি জাভা ইয়েজদি ডিলারশিপে মোট ছয়টি রঙে এই বাইকটি পাওয়া যাবে।