টানা বৃষ্টিতে ভিজে ন*ষ্ট হাজার হাজার মাটির প্রদীপ! আর্থিক সং*কটে শিলিগুড়ির মৃৎশিল্পীরা

আলোর উৎসব দীপাবলি দরজায় কড়া নাড়ছে। শহরের অলিগলি থেকে শুরু করে বড় বড় বাজার পর্যন্ত সাজসাজ রব। কিন্তু উৎসবের সেই আলো যেন ক্রমশ ম্লান হয়ে আসছে শিলিগুড়ি ও আশপাশের এলাকার প্রদীপ ব্যবসায়ীদের চোখে। কারণ, টানা দুই দিনের প্রবল বৃষ্টি যেন কেড়ে নিয়েছে তাদের হাসি, ভিজিয়ে দিয়েছে তাদের পরিশ্রমের ফসল—হাজার হাজার মাটির প্রদীপ।

প্রতি বছর এই সময়েই শুরু হয় ব্যস্ততা। আগুনে পুড়িয়ে রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত হয় প্রদীপ। কিন্তু এবছর সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ায়। কয়েক দিন ধরে রোদ না থাকায় প্রদীপ শুকোয়নি, অনেক প্রদীপ ফেটে গেছে বা একেবারে নরম হয়ে পড়েছে। ফলে এবছর বাজারে মাটির প্রদীপের যোগান আগের বছরের তুলনায় অনেকটাই কমে গেছে।

প্রদীপ ব্যবসায়ী ও মৃৎশিল্পীদের একাংশ জানিয়েছে, তারা বছরের এই সময়টার জন্যই অপেক্ষা করে। দীপাবলির বিক্রি থেকেই সারা বছরের আয় জোগাড় হয়। কিন্তু এবছর সেই আশা ভেঙে গেছে বৃষ্টির ধাক্কায়। ইতিমধ্যেই কয়েক হাজার প্রদীপ নষ্ট হয়ে যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। এখন সেই খরচ তোলার উপায়ও অনিশ্চিত।

শিলিগুড়ির বিধান রোড, মহাবীর স্থান এলাকার একাধিক প্রদীপ বিক্রেতারা বলেন, “রোদ না থাকায় কিছুই শুকোতে পারছি না। প্রদীপগুলো ভিজে নরম হয়ে গেছে। এবছর বিক্রি হবে খুবই কম।”

অন্যদিকে, বাজারে এখন প্লাস্টিক ও বৈদ্যুতিক আলোর আধিপত্য বাড়লেও মাটির প্রদীপের চাহিদা এখনও অনেক।