শিলিগুড়িতে ২৫০ গ্রাম ব্রাউন সুগারসহ দুই যুবক গ্রেফতার

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মামন রাজা ও খোরিবুল আলম। তাঁদের বাড়ি ইসলামপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ইসলামপুর থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে একটি বাসে করে শিলিগুড়িতে আসে। পরে তিনবাত্তি মোড়ে বাস থেকে নেমে মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকাকালীন এসওজি ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে তারা ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানাবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ব্রাউন সুগারের উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।