এবার থেকে সাধারণ মানুষ সমস্যা জানাবে সরাসরি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবাকে আরও কার্যকর করতে বড় পদক্ষেপ নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে চালু হচ্ছে নতুন কর্মসূচি ‘মুখোমুখি’।

এই উদ্যোগে নির্দিষ্ট দিনে ফোন করে নাগরিকরা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন স্বয়ং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। এই পরিকল্পনার কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। জানা গেছে, প্রথম পর্যায়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে।

প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে নাগরিকরা জল, রাস্তা, নিকাশি-সহ পুর পরিষেবা সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে পারবেন। এরপর ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পুরনিগমগুলিকেও এই প্রকল্পের আওতায় আনা হবে। আসানসোল, হাওড়া, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য পৃথক দিন ও সময় নির্ধারণ করা হবে।