গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে ডিলারশিপ প্রসার জাওয়া ইয়েজদি-র

ক্লাসিক লেজেন্ডস-এর মালিকানাধীন জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ‘জাওয়া ইয়েজদি’ তাদের গ্রাহকদের জন্য মালিকানা এবং পরিষেবা ব্যবস্থার মান আরও উন্নত করার কথা ঘোষণা করেছে। একটি মোটরসাইকেলের আসল পরীক্ষা শুরু হয় তা কেনার পরের দিন থেকে। গ্রাহকরা যাতে সহজে কাছাকাছি ডিলারশিপ পান, দ্রুত স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করতে পারেন এবং উন্নত পরিষেবা পান, তার ওপর এবার বিশেষ জোর দিচ্ছে কোম্পানিটি।

জাওয়া ইয়েজদি তাদের ডিলারশিপ নেটওয়ার্ক দ্রুত প্রসারিত করছে। ২০২৬ সালের মধ্যেই ভারতে ডিলারশিপের সংখ্যা ৫০০-র কাছাকাছি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে এবং আর্থিক বছর ২০২৮-এর মধ্যে দেশজুড়ে এই সংখ্যা ৭০০-র বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকরা বাড়ির কাছেই সহজলভ্য পরিষেবা পাবেন। এছাড়া, দেশব্যাপী ‘লেজেন্ডস’ কেয়ার ক্যাম্প’-এর মতো উদ্যোগের মাধ্যমে খুচরা যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ পরিষেবা আরও সহজলভ্য করা হয়েছে।

নতুন প্রজন্মের জাওয়া ও ইয়েজদি মোটরসাইকেলগুলিতে ইঞ্জিনিয়ারিং, বিল্ড কোয়ালিটি, ফিনিশিং এবং পেইন্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন বাইকগুলিতে ৪ বছর বা ৫০,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, সঙ্গে এক্সটেন্ডেড কভারেজ এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সুবিধাও রয়েছে।

ক্লাসিক লেজেন্ডসের কো-ফাউন্ডার অনুপম থারেজা বলেছেন, “আমরা সবসময় বিশ্বাস করি যে মোটরসাইকেল কেনার অভিজ্ঞতা রাইড করার মতোই আনন্দদায়ক হওয়া উচিত। গত কয়েক বছর ধরে আমরা আমাদের নেটওয়ার্ক প্রসারিত করা, পার্টসের সহজলভ্যতা এবং শিল্পমানের ওয়ারেন্টি প্রোগ্রাম চালুর মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার ওপর জোর দিয়েছি। আমাদের প্রতিশ্রুতি সহজ প্রতিটি রাইডার যেন জাওয়া, ইয়েজদি বা বিএসএ মোটরসাইকেল মালিকানার ক্ষেত্রে পূর্ণ আত্মবিশ্বাস ও মানসিক শান্তি পান।”