ভেজালবিরোধী অভিযানের নাম করে খাদ্য দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে হোটেল ও মিষ্টির দোকান থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ৯ মাইল এলাকায়। ঘটনায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।
ব্যবসায়ীদের অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে একাধিক দোকানে হানা দেন। খাবারে ভেজাল ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তুলে আইনি ব্যবস্থা ও জরিমানার ভয় দেখানো হয়। এরপর কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
পরে ওই ব্যক্তির আচরণে সন্দেহ হয় ব্যবসায়ীদের। অভিযানের সময় তাঁর সঙ্গে কোনও পুলিশকর্মী ছিলেন না এবং সরকারি গাড়ির পরিবর্তে তিনি মোটরসাইকেলে এসেছিলেন বলে ব্যবসায়ীরা জানান। এক ব্যবসায়ী গোপনে তাঁর ভিডিও রেকর্ড করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই ওই ব্যক্তি এলাকা ছেড়ে চলে যান।
ঘটনায় স্থানীয় দিলীপ কার্জির বিরুদ্ধে ওই ব্যক্তিকে বিভিন্ন দোকানে নিয়ে যাওয়া ও টাকা লেনদেনে সহযোগিতার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। তবে অভিযোগ অস্বীকার করে দিলীপের দাবি, ওই ব্যক্তি নিজেকে খাদ্য দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে পরিচয়পত্র দেখিয়েছিলেন। শুধু দোকানগুলো দেখিয়ে দেওয়ার অনুরোধেই তিনি সঙ্গে গিয়েছিলেন বলে জানান তিনি।
ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে। নয় মাইল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নরোত্তম রায় ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সন্দেহজনক কোনও অভিযান হলে পুলিশ ও ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগ করে আধিকারিকের পরিচয় যাচাই করার আবেদন জানিয়েছেন তিনি।
