রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই ভারতে বুলেট ট্রেন প্রকল্পের কাজ জোরকদমে চলছে। জানা গিয়েছে, বুলেট ট্রেন প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হওয়ার পথে ভারত এখন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। মূলত, ভারতীয় রেল নিজস্ব দেশীয় হাই-স্পিড রেল সিগনালিং এবং কন্ট্রোল সিস্টেম তৈরি করছে।
যার নাম দেওয়া হয়েছে ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম তথা BTCS। এই সিস্টেমটি ভারতের চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী ডিজাইন করা হবে। যা ভবিষ্যতে তৈরি হতে চলা প্রায় ৭,০০০ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন নেটওয়ার্কের জন্য বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। রেলের উচ্চ আধিকারিকদের মতে, BTCS ওপেন-সোর্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হবে।
যা খরচ কমাবে এবং দেশজুড়ে বিভিন্ন হাই-স্পিড রেল প্রকল্পের চাহিদা অনুযায়ী এটিকে সহজেই অভিযোজিত করা যাবে। আধিকারিকরা জানিয়েছেন যে, ভবিষ্যতে এই প্রযুক্তি অন্যান্য দেশেও উপলব্ধ করা হতে পারে। জানিয়ে রাখি যে, এই নতুন সিস্টেমটি তৈরি করার জন্য ভারতীয় রেল মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগাবে।
