ক্রিকেট ম্যাচ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বাগরাকোট এলাকা

ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির বাগরাকোট এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে চলে বচসা, তার জেরে শুরু হয় ইটবৃষ্টি ও পাথর ছোঁড়াছুঁড়ি। একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে। কিন্তু সংঘর্ষ বাড়তে থাকায় শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকর। তাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। তবে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে।

ঘটনাস্থলে উপস্থিত হয় ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে শান্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।