দেশজুড়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ডাকা ভারত বনধকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালদার হরিশচন্দ্রপুর সদর এলাকা। মূল্যবৃদ্ধি, শ্রমিক অধিকার সহ একাধিক ইস্যুতে ডাকা এই বনধ সফল করতে পথে নামে সিপিএম নেতৃত্ব, অপরদিকে বনধ ব্যর্থ করতে ময়দানে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
সকাল থেকেই শহীদ মোড় এলাকায় গাড়ি চলাচল বন্ধ করতে উদ্যোগী হয় সিপিএম কর্মী-সমর্থকরা। সেই সময় যান চলাচল স্বাভাবিক রাখতে হস্তক্ষেপ করেন তৃণমূল আইএনটিটিইউসি-র কর্মীরা। নেতৃত্বে ছিলেন হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লক আইএনটিটিইউসি সভাপতি সাহেব দাস। এর পরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, পাল্টাপাল্টি স্লোগান ও তুমুল বাকবিতণ্ডা। মুহূর্তে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় এলাকায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত হলেও এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা। এখন বনধের তেমন প্রভাব নেই বলেই জানা যাচ্ছে। যান চলাচল মোটামুটি স্বাভাবিক, অধিকাংশ দোকানপাটও খোলা রয়েছে। তবে দুই পক্ষ এখনও ময়দানে অবস্থান করছে, ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।
