উৎসবের মরসুমে গোল্ড স্টার ৬৫০-এর দুটি নতুন সংস্করণ লঞ্চ করল বিএসএ মোটরসাইকেলস

উৎসবের মরসুমে ভারতীয় বাজারে নিজেদের জনপ্রিয় গোল্ড স্টার ৬৫০ রেঞ্জের পরিধি বাড়িয়ে দুটি নতুন সংস্করণ নিয়ে এল বিএসএ মোটরসাইকেলস। সংস্থাটি ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশন এবং বার্মিংহাম ব্লু নামের এই দুটি আকর্ষণীয় মডেল লঞ্চ করেছে। নয়াদিল্লি এক্স-শোরুম অনুযায়ী বার্মিংহাম ব্লু মডেলটির দাম রাখা হয়েছে ৩,৫৫,৯৫০ টাকা এবং ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনের দাম ৩,৬৪,৯৫০ টাকা।

এই দুটি নতুন সংস্করণেই রয়েছে বিএসএ-র নির্ভরযোগ্য ৬৫২ সিসির লিকুইড-কুল্ড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৪৫ হর্সপাওয়ার শক্তি ও ৫৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। পাশাপাশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে রয়েছে ব্রেম্বো ব্রেক, ডুয়াল-চ্যানেল এবিএস এবং ক্লাসিক ওয়্যার-স্পোক হুইল। ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনে দেওয়া হয়েছে ১৯৩৭ সালের ঐতিহাসিক রেসিং সাফল্যের ছোঁয়া, যেখানে উজ্জ্বল কালো রঙের সঙ্গে ক্রোম ফিনিশড ট্যাঙ্ক, সোনালি পিনস্ট্রাইপিং ও প্রিমিয়াম কুইল্টেড সিট নজর কাড়ে। অন্যদিকে বার্মিংহাম ব্লু সংস্করণে রয়েছে গাঢ় নীল রঙের প্রলেপ, বিশেষ প্যাচযুক্ত সিলভার সাইড-প্যানেল ব্যাজ এবং আধুনিক ইঞ্জিনের ফিনিশিং, যা ব্র্যান্ডটির জন্মস্থানের ঐতিহ্যকে প্রতিফলিত করে।

এই উদ্বোধনে ক্লাসিক লিজেন্ডস-এর কো-ফাউন্ডার অনুপম থারেজা জানান যে, একটি আধুনিক রেট্রো-রোডস্টার হিসেবে যা যা থাকা প্রয়োজন, গোল্ড স্টার তার নিখুঁত উদাহরণ। ব্রিটিশ ডিজাইন থেকে শুরু করে শক্তিশালী সিঙ্গল ইঞ্জিন, প্রতিটি অংশেই দক্ষতার ছাপ রয়েছে। ব্রুকল্যান্ডস ব্ল্যাক ঐতিহাসিক নাম অর্জনের মুহূর্তকে সম্মান জানায় এবং বার্মিংহাম ব্লু বর্তমান প্রজন্মের চালকদের জন্য সেই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরে। ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখে এতে চার বছরের ওয়ারেন্টি এবং আট বছর পর্যন্ত রোডসাইড অ্যাসিস্ট্যান্সের মতো সুবিধাও রাখা হয়েছে।