বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মিরিকের দুধিয়ায় পৌঁছে দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড়ে ভয়াবহ বন্যা ও ধসের পর রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী আশ্বাস দেন ১৫ দিনের মধ্যেই দুধিয়ায় একটি নতুন সেতু তৈরি করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমে আধিকারিকেরা জানিয়েছিলেন সেতুটি তৈরি করতে এক মাস সময় লাগবে। কিন্তু বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১৫ দিনের মধ্যেই অস্থায়ী সেতু তৈরি করা হবে। পাশাপাশি আগামী বর্ষার আগে স্থায়ী সেতু তৈরির কাজও সম্পন্ন করা হবে।
