খারাপ আবহাওয়ায় কালিম্পংয়ে নামল না চপার, উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি বৈঠকে শুভেন্দু অধিকারী

আবহাওয়ার খামখেয়ালিতে বদলাতে হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি। মঙ্গলবার তাঁর প্রথম কর্মসূচি ছিল কালিম্পংয়ে। সেইমতো কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। এরপর চপারে করে কালিম্পংয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

তবে খারাপ আবহাওয়ার কারণে কালিম্পংয়ে চপার অবতরণ করতে পারেনি। বাধ্য হয়ে উত্তরকন্যার পাশের হেলিপ্যাডে অবতরণ করে চপারটি। সেখান থেকে সড়কপথে উত্তরকন্যায় পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর উত্তরকন্যা থেকেই কালিম্পংয়ের নির্ধারিত কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

আবহাওয়ার কারণে সরাসরি কালিম্পংয়ে পৌঁছতে না পারলেও প্রশাসনিক কর্মসূচি যাতে ব্যাহত না হয়, সেই কারণে ভার্চুয়াল মাধ্যমেই বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী।