প্রধানমন্ত্রীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগকে সামনে রেখে খেলাধুলায় জোর দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের উদ্যোগে মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল জাতীয় স্তরের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএসএফের আধিকারিক ও জওয়ানরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিএসএফ ফ্রন্টিয়ারের মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান অংশগ্রহণ করছেন। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা, জেলাশাসক রাজনবীর সিং, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ বিএসএফের একাধিক আধিকারিক।
বিএসএফ কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে দ্রুতগতির জীবনযাত্রায় মানুষের মধ্যে মানসিক চাপ ও হতাশা বাড়ছে। কর্মব্যস্ত জীবনে নিয়মিত খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, মানসিক চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে সীমান্তরক্ষার মতো দায়িত্বপূর্ণ পেশায় যুক্ত জওয়ানদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব আরও বেশি।
