রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে গরু পাচারের চেষ্টা। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের তৎপরতায় ধাওয়া করে আটক করা হল গরুবোঝাই দু’টি লরি। লরির ভিতর থেকে উদ্ধার হল মোট ৪৫টি গরু। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জন চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতার উদ্দেশে গরু নিয়ে যাচ্ছিল দু’টি লরি। মধ্যরাতে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পাড়া বিট হাউস এলাকার টোল প্লাজার কাছে পুলিশের নজরে আসে গাড়ি দু’টি। পুলিশের সন্দেহ হওয়ায় লরিগুলিকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু অভিযোগ, পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করেন চালকেরা।
এরপরই শুরু হয় পুলিশের ধাওয়া। বেশ কিছুটা পথ তাড়া করার পর শেষ পর্যন্ত লরিগুলিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই পুলিশের চোখ কপালে ওঠে। লরির ভিতরে বাঁধা অবস্থায় ছিল মোট ৪৫টি গরু। পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনিভাবে গরুগুলিকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তৎপরতায় পাচারের সেই চেষ্টা বানচাল হয়ে যায়।
দু’টি লরি-সহ দুই চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন ও শেখ রিয়াজ। অভিযুক্ত দু’জনকেই মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র কাজ করছে কি না, গরুগুলির গন্তব্য কোথায় ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত—তা খতিয়ে দেখছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
