প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ, অভিমানেই দিল্লিমুখী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ, শুক্রবার দুর্গাপুর সফরের আগে রাজ্য রাজনীতিতে চড়া উত্তেজনার সৃষ্টি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালের ফ্লাইটে দিল্লি রওনা দিলেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রীর সভায় থাকবেন না—এমনটাই জানালেন অভিমানী সুরে।

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “দল ডাকেনি, তাই যাচ্ছি না। হয়তো দল চায়ও না আমি যাই। গেলে হয়তো অস্বস্তি বাড়বে।”

গত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষের দুর্গাপুরে মোদীর সভায় যোগদান নিয়ে নানা জল্পনা চলছিল। ১৫ জুলাই তিনি নিজেই জানিয়েছিলেন যে, তিনি দুর্গাপুর যাবেন ও প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেল পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায়, তাঁর কাছে প্রধানমন্ত্রীর সভার কোনও আমন্ত্রণপত্রই আসেনি।

এরপরই শুক্রবার সকালে তাঁকে দেখা যায় কলকাতা বিমানবন্দরে দিল্লিগামী ফ্লাইট ধরতে। সেই সময় আবারও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দিলীপ। জানান, “কর্মীরা ডেকেছিলেন, তাই হ্যাঁ বলেছিলাম। কিন্তু পার্টি ডাকেনি। হয়তো চায়ও না আমি যাই। সেই কারণেই যাচ্ছি না।”

তবে দিলীপ কোথায় যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে বলেন, “দিল্লিতে পার্টির বিশেষ কাজে যাচ্ছি।” তবে ‘পার্টি’ বলতে তিনি বিজেপির নাম মুখে আনেননি। এটিকেই কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা দানা বাঁধছে।

গত কিছুদিন ধরেই দিলীপ ঘোষ ও রাজ্য বিজেপির দূরত্ব প্রকাশ্যে এসেছে। যদিও দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সেই দূরত্ব মেটার সম্ভাবনা তৈরি হয়েছিল। দিলীপ নিজেও জানিয়েছিলেন, তিনি বিজেপি ছাড়ছেন না।

তবে বিজেপি সূত্রে খবর, মোদীর সভায় না যাওয়ার সিদ্ধান্ত ও সংবাদমাধ্যমে তার ব্যাখ্যা দেওয়া নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। দিলীপ ঘোষকে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তিরস্কার করা হতে পারে বলেও সূত্রের খবর।

২১ জুলাই সামনে রেখে রাজ্য রাজনীতিতে বিজেপির অভ্যন্তরীণ মতবিরোধ ফের সামনে এল দিলীপ ঘোষের এই অভিমানে দিল্লি যাত্রায়। এখন দেখার, দিল্লিতে গিয়ে তিনি কী বার্তা দেন বা দলের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে মোড় নেয়।