২০২৬-এর অর্থবর্ষে এনপিসিআই বিএইচআইএম সার্ভিস লিমিটেড (এনবিএসএল)-এর তৈরি BHIM অ্যাপে লেনদেন বেড়ে দাঁড়ালো ৩০১ শতাংশ। ২০২৫ সালের এপ্রিলে মাসিক ৫.৯৩ কোটি টাকার লেনদেন ২০২৬ সালের মার্চে বেড়ে পৌঁছোয় ২১.৬ কোটিতে। এই বছরের এপ্রিলে তা আরও বেড়ে দাঁড়ায় ২২.৪৯ কোটিতে এবং মোট লেনদেনের মূল্য হয় ২৬,০৪০ কোটি টাকা। সংস্থার মতে, এই বৃদ্ধির মূলে রয়েছে দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল পেমেন্টের বাড়তি ব্যবহার, সহজ ব্যবহার, নিরাপত্তা। পশ্চিমবঙ্গে ২০২৬ এর আর্থিকবর্ষে অ্যাপের ৭১ শতাংশ লেনদেনই ছিল ব্যক্তি-থেকে-বণিক পেমেন্ট। রাজ্যে বণিকভিত্তিক লেনদেনের মধ্যে মুদি দোকানে ২২.৫ শতাংশ, খাবারের দোকান ও রেস্তোরাঁয় ১৮.৭ শতাংশ, কুইক কমার্সে ৬.৪ শতাংশ, ই-কমার্সে ৩.৯ শতাংশ এবং জ্বালানি স্টেশনে ৩.৪ শতাংশ লেনদেন হয়েছে।পাশাপাশি, ইউপিআই ব্যবহারের মধ্য দিয়ে বেড়েছে RuPay ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা।
এবিষয়ে ললিতা নটরাজ জানান, মুদি কেনাকাটা, রেস্তোরাঁ, যাতায়াত ও অনলাইন শপিং-সহ নানা ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। খড়গপুর-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুদি দোকান, রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের মধ্যে দ্রুত বাড়ছে ইউপিআই-ভিত্তিক পেমেন্টের ব্যবহার।
এনবিএসএল জানিয়েছে, BHIM অ্যাপটি বাংলা-সহ ১৫টির বেশি ভাষা সমর্থন করে এবং কম ইন্টারনেট সংযোগযুক্ত এলাকাতেও ব্যবহারের উপযোগী। অ্যাপটিতে ইউপিআই সার্কেল, স্প্লিট এক্সপেন্সেস, ফ্যামিলি মোড, স্পেন্ডস অ্যানালিটিক্স, ইউপিআই লাইট অটো টপ-আপ, প্রিপেড রিচার্জ, ফরেক্স পেমেন্ট ও রিওয়ার্ড ভিত্তিক লেনদেনের সুবিধা রয়েছে।
