গম্ভীরের এক মন্ত্রে বদলে গিয়েছে দলের মানসিকতা, বললেন তিলক

নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখাচ্ছে ভারতীয় দল। প্রথম তিনটি টি-টোয়েন্টি জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে পুরেছে ভারত। এবার লক্ষ্য পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। দলের এই সাফল্যের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের বিশেষ মন্ত্রের কথা জানালেন সহ-অধিনায়ক তিলক বর্মা।

চতুর্থ টি-টোয়েন্টির আগে সাংবাদিক বৈঠকে তিলক স্পষ্ট করে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে অজুহাতের কোনও জায়গা নেই। তাঁর কথায়, সর্বোচ্চ পর্যায়ে খেলতে গেলে যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এমন মান তৈরি করতে হবে, যাতে আগামী প্রজন্মও ভারতীয় দলকে দেখে অনুপ্রাণিত হয়। নিউজিল্যান্ড সফরের শুরুতেই দলের সামনে লক্ষ্য স্পষ্ট করে দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। শুধু টি-টোয়েন্টি সিরিজ জেতা নয়, গোটা সফরের জন্য আত্মবিশ্বাস তৈরি করাও ছিল তাঁর পরিকল্পনা।

তিলক জানান, গম্ভীর প্রথম থেকেই দলকে বুঝিয়ে দিয়েছিলেন, টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরু করতে হবে। সেই আত্মবিশ্বাস কাজে লাগবে পরবর্তী এক দিনের ও টেস্ট সিরিজেও। কোচের সেই বার্তা মেনেই প্রথম তিন ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। সিরিজ জয় নিশ্চিত হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভারতীয় শিবির। বাকি দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করাই এখন দলের লক্ষ্য।

তিলকের কথায়, কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে চুনকাম করতে পারলে ভারতীয় সমর্থকদের আনন্দ আরও বাড়বে। তাই সিরিজ জয়ের পরেও একই মানসিকতা নিয়ে মাঠে নামতে চান তাঁরা।