সরাইঘাট এক্সপ্রেসে মাদক পাচার রুখল জিআরপি

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলস্টেশনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭কিলো গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল NJP জিআরপির সাদা পোশাকের পুলিশ।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। জিআরপি সূত্রে খবর,ডাউন সরাইঘাট এক্সপ্রেসে এসি টু-টায়ার কামরায় করে গাঁজা পাচার করা হচ্ছে বলে আগে থেকেই তথ্য ছিল।

সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকের জিআরপি পুলিশ নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের অপেক্ষায় ওত পেতে থাকে।ট্রেনটি এনজেপি স্টেশনে পৌঁছতেই এসি টু-টায়ার কোচে তল্লাশি চালিয়ে কৈলাস রায় (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তার বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পশ্চিম দায়পুমারি এলাকায়।প্রাথমিক তদন্তে জানা গেছে,তিনি ধূপগুড়ি স্টেশন থেকে ট্রেনে উঠে হাওড়া যাচ্ছিলো।

পরে NJP স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের ২নম্বর ফুটওভার ব্রিজের সামনে তার লাগেজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়।উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।