গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফ্লাইট ভেঙে পড়ল শহরের জনবহুল মেঘানিনগর এলাকায়। ঘটনায় গোটা শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনাস্থল আমেদাবাদ বিমানবন্দরের একেবারে সামনেই, যার জেরে মুহূর্তের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের যাবতীয় যাতায়াতের রাস্তা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। ফ্লাইটটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যে কোনও বড় বিস্ফোরণের সময় যেভাবে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, এক্ষেত্রেও সেই একই দৃশ্য দেখা গিয়েছে।
প্লেনটি জনবসতিপূর্ণ এলাকায় পড়ায়, মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রথমে অনেকে বুঝতেই পারেননি কী ঘটেছে। কেউ ভেবেছিলেন, বস্তিতে আগুন লেগেছে, কেউ ভাবেন, বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটেছে বা বোমা পড়েছে।
এই মুহূর্তে ১২টিরও বেশি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজে নেমেছে দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ও ডিজাস্টার রেসপন্স ফোর্স। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান জানা না গেলেও, বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে ও ঘটনাস্থলকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ কর্তারা।
