মুখ্যমন্ত্রীর আগমনে জল্পেশ মন্দিরে বাড়তি তৎপরতা

জলপাইগুড়ির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবতীর্থ জল্পেশ মন্দিরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরে এসে বাবা জল্পেশের পুজো দেবেন তিনি। এদিকে শ্রাবণ মাসের সোমবার হওয়ায় রাত থেকেই দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে ভিড় জমিয়েছেন। শিবের মাথায় জল ঢেলে পুজো দিতে আসা ভক্তদের ভিড় ইতিমধ্যেই চোখে পড়ার মতো।

তার মধ্যেই মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্দির চত্বরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মন্দিরের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। জানা যাচ্ছে, জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁর অন্যান্য কর্মসূচি সারবেন এবং এরপর সেখান থেকে হেলিকপ্টারে রওনা হবেন।

শ্রাবণের সোমবারে পুণ্যার্থীদের ভিড় এবং তার মাঝেই মুখ্যমন্ত্রীর আগমন সব মিলিয়ে জল্পেশ মন্দির ঘিরে বাড়তি উন্মাদনা ও নজরদারি থাকবে বলেই মনে করা হচ্ছে।