ভূতনিতে অস্থায়ী রাস্তা তৈরির উদ্যোগ

বন্যায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে অস্থায়ী রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ভূতনি সেতু চত্বরে বালি, ইট, মাটি ও পাথরসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও ভারী যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকশো মিটার দীর্ঘ বিকল্প রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ভূতনির কেশরপুর এলাকায় নদীবাঁধ ভেঙে গঙ্গার জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এতে ভূতনি চরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সেতুর সংযোগকারী রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে এবং যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তিনটি অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ চরম দুর্ভোগে পড়েন।

জনসাধারণের যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে ভূতনি সেতু পর্যন্ত যোগাযোগ দ্রুত সচল রাখতেই অস্থায়ী রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।