নয়াদিল্লিতে চেক প্রজাতন্ত্রের দূতাবাসে চেক ডে ২০২৬ উপলক্ষে নিজেদের প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহ্য উদ্যাপন করল জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। ১৯২৯ সালে প্রাগে যাত্রা শুরু করা সংস্থাটি আজও ভারতের বিভিন্ন প্রজন্মের বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়।
জাওয়ার প্রথম মোটরসাইকেল জাওয়া ৫০০ ওএইচভি -এর পর ১৯৩২ সালে বাজারে আসে হালকা ও জনপ্রিয় জাওয়া ১৭৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি জাওয়া পেরাক এবং স্বয়ংক্রিয় ক্লাচ ব্যবস্থার মতো উদ্ভাবন মোটরসাইকেলের ইতিহাসে সংস্থাটির পরিচিতি আরও মজবুত করে।
১৯৬০ সালে ইন্ডিয়াল জাওয়ার হাত ধরে ভারতে জাওয়ার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সংস্থার মোটরসাইকেল ভারতীয় বাইক সংস্কৃতি, মোটরস্পোর্টস ও চলচ্চিত্রের অংশ হয়ে ওঠে। ২০১৮ সালে প্রত্যাবর্তনের পর জাওয়া ৪২ ভারতে আধুনিক ক্লাসিক মোটরসাইকেলের বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বর্তমানে জাওয়া অল স্টারস সিরিজে রয়েছে জাওয়া ৪২, জাওয়া ৪২ এফজে এবং জাওয়া ৪২ ববার।
ক্লাসিক লেজেন্ডসের সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা বলেন, “চেক ডে জাওয়ার প্রায় এক শতাব্দীর ঐতিহ্য উদ্যাপন এবং ভারতে সংস্থার যাত্রা ফিরে দেখার সুযোগ দেয়। জাওয়া ৪২ শুধু আধুনিক ক্লাসিক মোটরসাইকেলের বিভাগ প্রতিষ্ঠা করেনি, নতুন প্রজন্মের চালকদের কাছে জাওয়ার স্বতন্ত্র পরিচয়ও তুলে ধরেছে। জাওয়া শুধুমাত্র অতীতের স্মৃতি নয়; বর্তমান প্রজন্মের চালকদের জন্য সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই এর লক্ষ্য।”
চেক ডে ২০২৬-এ জাওয়ার অংশগ্রহণ সংস্থার ঐতিহাসিক শিকড় ও ভারতের পরিবর্তনশীল মোটরসাইকেল সংস্কৃতির যোগসূত্র তুলে ধরেছে। নিজস্ব ঐতিহ্য বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা অনুযায়ী মোটরসাইকেল তৈরিতে মনোযোগী জাওয়া।
