জয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল বিষাদের কালো ছায়ায়। নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমার আঘাতে মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকা তামান্না খাতুনের। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য।
জানা গিয়েছে, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় ঘোষণার পর মোলান্দি এলাকায় চলছিল বিজয় মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকেই উল্লাসের মধ্যে ছোড়া হয় সকেট বোমা। বোমার আঘাতে রক্তাক্ত ও ছিন্নভিন্ন অবস্থায় পড়ে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার পরেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, “তৃণমূল কর্মীরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। আমাদের লক্ষ্য করেই তারা বোমা ছুঁড়ছিল। ঠিক তখনই মেয়েটার গায়ে এসে পড়ে বোমাটা। মুহূর্তেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।”
অন্যদিকে, তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনকে বলবো দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। তবে আমার মনে হয় না এটি তৃণমূলের বিজয় মিছিল থেকে হয়েছে। এটা বিরোধীদের চক্রান্তও হতে পারে।”
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, “একটি শিশু কেবলমাত্র রাজনীতির উন্মাদনার বলি হল। এটা প্রমাণ করে, রাজ্যে গণতন্ত্রের বদলে ভয় ও সন্ত্রাসই এখন চালিকা শক্তি।”
এই ঘটনায় কালীগঞ্জ সহ গোটা নদিয়া জেলায় নেমে এসেছে শোকের ছায়া। প্রশ্ন উঠছে—রাজনৈতিক জয়ের উল্লাস কি এতটাই অন্ধ হয়ে পড়েছে যে, তাতে ছোট ছোট প্রাণও রেহাই পায় না?
