খাসির কষা মাংসের পরিচিত স্বাদে একটু ভিন্নতা আনতে পারেন ‘সাওজি মটন’ দিয়ে। গাঢ় লাল রঙের রগরগে, নরম মাংস, মশলার তীব্র ঝাঁঝ ও মাংসের উপরে ভেসে থাকা তেলের পুরু আস্তরণ—এই পদটির অন্যতম বৈশিষ্ট্য। রইল সহজ রেসিপি।
কী কী লাগবে
১ কেজি (হাড় ও চর্বিসহ) খাসির মাংস
৪টি বড় পেঁয়াজ
৩ চামচ আদা-রসুন বাটা
সাওজি বিশেষ মশলা
২-৩ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো
১ চামচ হলুদগুঁড়ো
আধকাপ সর্ষের তেল
স্বাদমতো নুন
পরিমাণমতো জল
ধনেপাতাকুচি
কীভাবে বানাবেন
প্রথমে মাংস ধুয়ে হলুদ, সামান্য নুন ও আদা-রসুন বাটা মাখিয়ে ৩০–৪০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে লঙ্কার গুঁড়ো ও সাওজি মশলা যোগ করুন। আঁচ কমিয়ে মশলা কষাতে থাকুন। মশলা যাতে পুড়ে না যায়, প্রয়োজনে অল্প অল্প গরম জল ছিটিয়ে দিন। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে আঁচ বাড়িয়ে ১০–১৫ মিনিট ভালোভাবে কষান। মাংসে মশলা ভালোভাবে মিশে গেলে প্রয়োজনমতো ফুটন্ত গরম জল দিয়ে ঢেকে দিন। আঁচ কমিয়ে ৪৫–৬০ মিনিট ধীরে ধীরে রান্না করুন। মাংস নরম হয়ে এলে এবং ঝোলের ওপর লালচে তেলের আস্তরণ ভেসে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন সাওজি মটন।
