খিচুড়ি বাঙালির অন্যতম প্রিয় খাবার। বৃষ্টি হোক কিংবা শীতের দুপুর, গরম গরম খিচুড়ির স্বাদই আলাদা। চাল, ডাল, মশলা আর নানা উপকরণের মিশেলে তৈরি এই পদে যোগ করা যায় মাছ, সবজি কিংবা মাংস। তবে মুরগির মাংস দিয়ে তৈরি ভুনা খিচুড়ির স্বাদ একটু ভিন্ন। ঘরেই সহজে তৈরি করতে জেনে নিন মজাদার মুরগির মাংসের ভুনা খিচুড়ির রেসিপি।
উপকরণ
পিয়াজ কুচি ৩ টেবিল চামচ
১০টি লবঙ্গ
২ টুকরো দারচিনি
৫ টি এলাচ
১ টি তেজপাতা
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরেগুঁড়ো দেড় চা চামচ
হলুদগুঁড়ো ১ টেবিল চামচ
ধনেগুঁড়ো ১ চা চামচ
মুরগির মাংস
পোলাওয়ের চাল ৩ কাপ
মুসর ডাল ও মুগ ডাল দেড় কাপ
গোটা জিরে
কাঁচা লঙ্কা
নুন-চিনি
প্রণালী
প্রথমে মুগ ডাল হালকা ভেজে নিন। এরপর একটি পাত্রে তেল গরম করে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, জিরেগুঁড়ো, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে মুরগির মাংস ও স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে কষান।
মাংস কিছুটা সেদ্ধ হয়ে এলে পোলাওয়ের চাল, মসুর ডাল ও ভেজে রাখা মুগ ডাল দিয়ে কয়েক মিনিট নেড়ে ভেজে নিন। এবার ৮ কাপ গরম জল ও আধ কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে পাত্রটি ঢেকে দিন। চাল ও ডাল কিছুটা সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কা ও ঘি দিয়ে দিন। এরপর অল্প আঁচে প্রায় ৩০ মিনিট দমে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। সবশেষে চুলার আঁচ বন্ধ করে ১০ মিনিট ঢেকে রাখুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু মুরগির মাংসের ভুনা খিচুড়ি। গরম গরম পরিবেশন করুন সালাদ, আচার কিংবা বেগুন ভাজার সঙ্গে।
