জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দুর্গাপুজোর আগেই নন্দীগ্রামের জন্য বড় উপহার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ তিন বছর ধরে একেবারে ঢিমে তালে কাজ চলছে পূর্ব মেদিনীপুর জেলার এই নন্দকুমার জল প্রকল্পের।
বিষয়টি নজরে আসতেই এবার খোদ জেলা পরিষদকে এই জল প্রকল্পের কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জল প্রকল্পের কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন কয়েক লক্ষ সাধারণ মানুষ। তাঁরা বেশিরভাগই হলেন নন্দীগ্রাম ১ ও ২ ব্লক সহ জেলার মোট চারটি ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই জল প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য জেলা পরিষদের তদারকিতে এবার নির্মীয়মান এই মেগা জল প্রকল্পের মাধ্যমেই খুব অল্প সময়ের মধ্যেই প্রত্যেক বাড়ি-বাড়ি বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রত্যেকে যাতে এই পরিশুদ্ধ জল পেতে পারেন তার জন্য রূপনারায়ণ নদী থেকে কাঁচা জল তুলে তা সুনির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে নন্দকুমারের বনভেড়ারের কাছে।
