সড়ক দুর্ঘটনা কমাতে এবং পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। বুধবার ধর্মতলায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে হেলমেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রাফিক) ড. ভোলানাথ পাণ্ডে-সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকেরা।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শহরের প্রতিটি ট্রাফিক গার্ডে টানা তিন দিন এই কর্মসূচি চলবে। স্কুটি ও বাইক চালক, মহিলা, পিলিয়ন রাইডার এবং শিশুদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচিতে ড. ভোলানাথ পাণ্ডে বলেন, স্কুটি চালানো তুলনামূলক নিরাপদ—এমন ধারণা ঠিক নয়। বাইক হোক বা স্কুটি, দুর্ঘটনার ঝুঁকি দু’ক্ষেত্রেই রয়েছে। বিশেষ করে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগার আশঙ্কা থাকে। তাই চালক ও পিছনে বসা যাত্রী, উভয়েরই হেলমেট পরা জরুরি।
পাশাপাশি, বাইক বা স্কুটি চালানোর সময় চটি কিংবা খোলা স্লিপারের পরিবর্তে উপযুক্ত জুতো পরার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, দুর্ঘটনার সময় পায়ে গুরুতর চোট লাগা বা হাড় ভাঙার ঝুঁকি এড়াতে সঠিক জুতো ব্যবহার করা প্রয়োজন।
এদিন শিশুদের নিয়ে যাতায়াতকারী অভিভাবকদেরও হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা বোঝানো হয়। কলকাতা পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য, সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানো এবং শহরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো।
