শিলিগুড়িতে বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষককে ছিনতাই, খোয়ালেন ১২ হাজার টাকা ও মোবাইল

বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হলেন এক স্কুলশিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির অন্তর্গত এসটান বাইপাসের কানকাটা মোড় সংলগ্ন এলাকায়। আক্রান্ত শিক্ষকের নাম সচিন রাই।
অভিযোগ, গতকাল রাতে জলেশ্বরী থেকে বাড়ি ফেরার সময় কানকাটা মোড়ের কাছে এক বাইক আরোহী তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। বাড়ির কাছে নামিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে ওই বাইকে ওঠেন শিক্ষক। কিন্তু কিছুটা যাওয়ার পর বাইকটি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলে সন্দেহ হয় তাঁর। বিপদের আশঙ্কা বুঝতে পেরে চলন্ত বাইক থেকেই নেমে পড়েন সচিন রাই।
অভিযোগ, এরপর বাইক থামিয়ে তাঁর কাছ থেকে নগদ প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার পর রাতেই আশিঘর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষক। তাঁর দাবি, বাইপাস এলাকায় দিনের পর দিন বাড়ছে মদ্যপদের আড্ডা। ফলে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ধরনের অপরাধমূলক ঘটনা রুখতে এলাকায় নিয়মিত পুলিশি টহলদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত চালানো হচ্ছে।