পুলিশের পরিচিত ভূমিকার বাইরে গিয়ে এবার শিশুদের প্রতিভা বিকাশের মঞ্চ তৈরি করল শিলিগুড়ি মহিলা থানা।শিশু দিবস উপলক্ষে থানার উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।যেখানে পড়াশোনার পাশাপাশি নিজেদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা তুলে ধরার সুযোগ পেল এলাকার খুদে পড়ুয়ারা।শিলিগুড়ি মহিলা থানার ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আবহ।চিত্রাঙ্কন,নৃত্য এবং কবিতা আবৃত্তি-এই তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিটি বিভাগেই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে ছোট ছোট প্রতিযোগীরা।
কেউ রং-তুলির ছোঁয়ায় সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলে নিজের কল্পনার জগৎ,আবার কেউ নাচের ছন্দে কিংবা কবিতার ছন্দময় উচ্চারণে মুগ্ধ করে উপস্থিত সকলকে।শিশুদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। শিলিগুড়ি মহিলা থানার ওসি বিমলা কার্কি ছেত্রীর নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁকে সহযোগিতা করেন থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং তাদের প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যেই পুলিশের এই বিশেষ উদ্যোগ।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।তবে শুধু বিজয়ীরাই নয়,অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুর জন্যই ছিল বিশেষ উপহার।কেক,চিপস,বিস্কুট,চকোলেট-সহ নানা সামগ্রী এবং রং পেন্সিল তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের সৃজনশীল ভাবনাকে সম্মান জানানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।মহিলা থানার এমন আয়োজনে খুশি খুদে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরাও।সব মিলিয়ে শিশু দিবসে শিলিগুড়ি মহিলা থানার এই উদ্যোগ বুঝিয়ে দিল,পুলিশের কাজ শুধু অপরাধ দমন কিংবা আইনশৃঙ্খলা বজায় রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়।সমাজের আগামী প্রজন্মের পাশে দাঁড়ানো,তাদের উৎসাহিত করা এবং আনন্দের মুহূর্ত তৈরি করাও পুলিশের সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ।
