চালু হচ্ছে একাধিক নতুন বাস

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা ও শহরতলির বাসযাত্রীদের জন্য সুখবর। প্রতিদিন যাঁরা বাসে করে অফিস, ব্যবসা বা অন্য কাজে যাতায়াত করেন, তাঁদের সুবিধার কথা ভেবেই তিনটি নতুন এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ ও আরামদায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই পরিষেবার আওতায় তিনটি রুটে এসি বাস চলবে। নিউটাউনের ইকো স্পেস থেকে সোনারপুর পর্যন্ত চলবে এসি-৫৮ নম্বর বাস। পাটুলির ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলবে এসি-২৪। এছাড়া কল্যাণীর বড়জাগুলি মোড় থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত চালু হচ্ছে এসি-৫৭ নম্বর বাস। জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তিনি আরও বলেছেন, রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীদের জন্য সুবিধাজনক করে তুলতেই এই নতুন বাস পরিষেবা চালু করা হচ্ছে। তাঁর দাবি, নতুন রুটগুলির মাধ্যমে আবাসিক এলাকা, ব্যবসায়িক কেন্দ্র, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ আরও ভালো হবে। ফলে প্রতিদিনের যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে।