যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিনের টানাপড়েনের মধ্যেই এবার সরকারি মানচিত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নয়াদিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ২৭টি গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং কৌশলগত স্থান ও ভৌগোলিক অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ‘সার্ভে অফ ইন্ডিয়া’-র সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রের বক্তব্য, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জায়গাগুলির নাম এবং সঠিক ভৌগোলিক অবস্থান মানচিত্রে নথিভুক্ত করার পাশাপাশি দেশের মানুষের কাছে এই অঞ্চলগুলির গুরুত্ব তুলে ধরাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এই তালিকায় রয়েছে তেরিতনগর, রামনগর, যশবন্ত গড়, সাগর, পদ্মা, জ্যোতিনগর, বৈশাখী এবং শের-ই-থাপা মেমোরিয়ালের মতো গুরুত্বপূর্ণ স্থান। এর পাশাপাশি ছোট রোপুক, বড় রোপুক, শিবাজী নগর, সানপুরা এবং কামলাং নগরের নামও সরকারি মানচিত্রে যুক্ত হয়েছে।
