স্যামসাংয়ের প্রতিযোগিতায় বাংলার ৬ উদ্ভাবক

স্যামসাংয়ের ‘সলভ ফর টুমরো’ প্রতিযোগিতার জাতীয় স্তরের ‘সেরা ৪০’ দলে জায়গা করে নিয়েছে বাংলার ৬ জন তরুণ উদ্ভাবক। তারা মজুরি স্বচ্ছতা, যোগাযোগ ব্যবস্থা এবং একা থাকা প্রবীণদের সুস্থতা নিয়ে অসাধারণ প্রযুক্তি-ভিত্তিক সমাধান তৈরি করেছেন। এই ৬ জন উদ্ভাবক হলেন রাহুল গুপ্ত, অনুষ্কা গুপ্ত, সহায়ক সামন্ত, সৌফির রহমান, শৌর্য্য চক্রবর্তী এবং ঐশী মুখোপাধ্যায়।

প্রতিযোগিতায় কলকাতার রাহুল ও অনুষ্কা গুপ্ত এমন একটি এআই সমাধান নিয়ে কাজ করছেন যা নির্মাণ, গার্হস্থ্য বা কৃষি ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি সম্পর্কিত জটিল তথ্য সহজ ও বোধগম্য করে তোলে। সহায়ক সামন্ত এবং সৌফির রহমান তৈরি করেছেন ‘SignBridge AI’, যা সাংকেতিক ভাষাকে রিয়েল-টাইমে কথা ও লেখায় রূপান্তর করে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের দৈনন্দিন যোগাযোগকে সহজ করে তুলবে। অন্যদিকে, শৌর্য্য চক্রবর্তী এবং ঐশী মুখোপাধ্যায় এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা একাকী প্রবীণদের মানসিক কষ্ট, একাকীত্ব বা জ্ঞানীয় অবক্ষয়ের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করে পরিবার ও কেয়ারটেকারদের সময়মতো তথ্য দিয়ে সহায়তা করতে পারে।

বাংলার এই তরুণদের উদ্ভাবনগুলো মূলত এইআই লিভিং ফর ইন্ডিয়া এবং স্বাস্থ্য ও শিক্ষা থিমের ওপর ভিত্তি করে তৈরি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই তরুণ প্রতিভারা প্রমাণ করেছেন যে ভালো ধারণা বা উদ্ভাবনের ক্ষেত্রে ভৌগলিক সীমা কোনও বাধা নয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ৪০টি দল এখন আইআইটি দিল্লির এফআইটিটি-এর উদ্যোগে ১০ দিনের একটি উদ্ভাবনী বুটক্যাম্পে অংশ নেবে, যেখানে তারা স্টার্টআপ ফাউন্ডার ও শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ পাবেন। এরপর সেরা ২০টি দল গ্র্যান্ড ফিনালের জন্য লড়বে এবং শেষ পর্যন্ত ৪টি বিজয়ী দল আইআইটি দিল্লির ইনকিউবেশন সহায়তা সহ মোট ২ কোটি টাকার অনুদান পাবে। বাংলার এই তরুণদের এই সাফল্য পুরো রাজ্যের জন্য অত্যন্ত গর্বের।