আগামী ১ জুলাই থেকে শহরের রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে আবর্জনা ফেললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন শিলিগুড়ি পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আর বিমলা ও কমিশনার বীর বিক্রম রায়।
এদিন সেবক রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। পরিদর্শনের সময় শহরের সাফাই ব্যবস্থা, বর্জ্য অপসারণের কাজ ও বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনার পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
কোথাও কোথাও রাস্তার ধারে আবর্জনা পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে আগামী দিনে নজরদারি বাড়ানো হবে।
উল্লেখ্য, ১ জুলাই থেকে যেখানে সেখানে আবর্জনা ফেলা রোধে বিশেষ অভিযান চালানো হবে ও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে পুর প্রশাসন।
