সর্বভারতীয় বনধে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক ৮

শ্রমকোড বাতিল সহ মোট ১৭ দফা দাবিকে সামনে রেখে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশজুড়ে ২৪ ঘণ্টার পালিত হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন তুফানগঞ্জে বনধ সমর্থকরা মিছিল করে কোর্ট চত্বরে পৌঁছালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

মিছিল আটকাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ না করলেও কড়া পদক্ষেপ নেয়। ঘটনাস্থল থেকে এসইউসিআই (কমিউনিস্ট) দলের ৮ জন সমর্থককে আটক করেছে পুলিশ।

স্থানীয় এসইউসিআই নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ অতর্কিতে চড়াও হয়। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।