আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে পানিট্যাংকি ট্র্যাফিক গার্ডের সচেতনতামূলক কর্মসূচি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পানিট্যাংকি ট্র্যাফিক গার্ড।শুক্রবার পানিট্যাংকি মোড় এলাকায় শহরের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি (ট্র্যাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ,এডিসিপি (ট্র্যাফিক) পূর্ণিমা শেরপা, এসিপি (ট্র্যাফিক) সুবীর দত্ত, পানিট্যাংকি ট্র্যাফিক গার্ডের ওসি স্বপন রায়-সহ ট্র্যাফিক বিভাগের অন্যান্য আধিকারিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। পাশাপাশি সমাজ থেকে মাদকের অপব্যবহার দূর করতে প্রশাসনের উদ্যোগ ও জনসচেতনতার গুরুত্বও তুলে ধরা হয়।

পুলিশ আধিকারিকরা জানান,বর্তমান সময়ে যুব সমাজের একাংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের বিষয়।এই প্রবণতা রুখতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক,শিক্ষক,সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সচেতনতার মাধ্যমেই একটি সুস্থ,নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা জানান।কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।