এবার প্রকৃতি রক্ষার অঙ্গীকার নিয়েই শহরের অন্যতম জনপ্রিয় ‘আমরা সবাই সূর্যসেন স্পোর্টিং ক্লাব’-এর শ্যামা পুজো। ৫৫তম বর্ষে পদার্পণ করে ক্লাবটি বেছে নিয়েছে এক অনন্য থিম— ‘প্রকৃতির কোলে অঙ্গীকার’।
ক্লাবের সম্পাদক সুরজিৎ বিশ্বাস জানান, “আমরা চেষ্টা করেছি এমন এক মণ্ডপ গড়তে, যেখানে দর্শকরা প্রকৃতির ছোঁয়া অনুভব করবে। পরিবেশ রক্ষার বার্তা যেন তাদের হৃদয়ে গেঁথে যায়, সেটাই মূল লক্ষ্য।”
মণ্ডপে থাকছে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণে নির্মিত সজ্জা ও মাতৃমূর্তি। এ বছর দেবী রূপ পাচ্ছেন রণ চণ্ডী রূপে, যা শক্তি ও সংযমের প্রতীক। পুজোকে কেন্দ্র করে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ, যা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।
পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহ্যের সংমিশ্রণে সূর্যসেন স্পোর্টিং ক্লাবের এবারের শ্যামা পুজো নিঃসন্দেহে শহরের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
