৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক, স্বস্তি নেপালে

২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর নেপালে ধ্বংসস্তূপে চাপা পড়া সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। দীর্ঘ ২১৬ ঘণ্টা পর তাঁদের উদ্ধারের ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা।

নেপালের মধ্যাঞ্চলের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ভরা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গের সুপারভাইজার কবীর মহার্জনকে।

উদ্ধারকারীদের দাবি, শুক্রবার সকালে সুড়ঙ্গের ভিতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। এরপর নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিশেষজ্ঞদের মতে, সুড়ঙ্গের ভিতরে সীমিত অক্সিজেন ও জল পাওয়ার সুযোগ থাকায় দুই শ্রমিক এতদিন বেঁচে থাকতে পেরেছেন বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় সুড়ঙ্গের ভিতরে এখনও নিখোঁজ থাকা অন্যান্য শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা।