বাড়ির বাথরুম থেকে উদ্ধার হল প্রায় ৬ ফুট লম্বা একটি বিষাক্ত গোখরা সাপ। বুধবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বদলাগঞ্জ গ্রামে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির এক বাসিন্দা বাথরুমে যাওয়ার সময় হঠাৎই সাপটিকে দেখতে পান। আতঙ্কে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ খবর দেন স্থানীয় সর্পপ্রেমীকে। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের কিছু অংশ ভেঙে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে।
ঘটনাস্থলে সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু গ্রামবাসী ভিড় জমান সাপটিকে একনজর দেখার জন্য। উদ্ধারকারী সর্পপ্রেমী জানান, সাপটি অত্যন্ত বিষাক্ত গোখরা প্রজাতির৷ তিনি আরো জানান দ্রুত বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই প্রথমবার নয় — বর্ষার সময়ে এই অঞ্চলে মাঝেমধ্যেই সাপের দেখা মেলে। তবে বাড়ির বাথরুমে গোখরোর উপস্থিতি রীতিমতো ভীতিকর পরিস্থিতি তৈরি করে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সাপটিকে পরীক্ষা করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
