শিল্পোন্নয়নের প্রার্থনায় মালদায় বিশ্বকর্মার আরাধনা

শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধির প্রার্থনায় শুক্রবার মালদায় ধুমধাম করে পালিত হল বিশ্বকর্মা পুজো। জেলার বিভিন্ন শিল্পাঞ্চল, কারখানা, হিমঘর ও পরিবহন সংগঠনের উদ্যোগে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা করা হয়।

ইংরেজবাজারের কমলাবাড়ি এলাকার একটি হিমঘরে আয়োজিত পুজোয় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা-সহ শিল্পোদ্যোগীরা। পরে নারায়ণপুর এলাকার বিভিন্ন শিল্প কারখানা ও ব্যবসায়ী সংগঠনের পুজোতেও অংশ নেন তিনি।

উজ্জ্বল সাহা বলেন, মালদা তথা রাজ্যে নতুন শিল্প ও কারখানা গড়ে উঠুক এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ুক—বিশ্বকর্মা পুজোর দিনে এটাই তাঁর প্রত্যাশা। শিল্প ও ব্যবসার প্রসারের মাধ্যমে জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।