জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতার বন্দর অবকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরেই তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা চলছিল। তবে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করা সম্ভব নয়। তবে সেই প্রকল্প পুরোপুরি বাতিল হচ্ছে না। তাজপুরের কাছেই অন্য একটি এলাকায় নতুন করে গভীর সমুদ্র বন্দর গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, যেখানে পর্যাপ্ত সরকারি জমিও রয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তাজপুরে একটি পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর গড়ে তুলতে হলে উন্নত রেল যোগাযোগ, বড় আকারের ওয়ারহাউস এবং কয়েক হাজার একর জমির প্রয়োজন। এই সব পরিকাঠামোগত চাহিদা পূরণ করা বর্তমানে সম্ভব নয় বলেই মূল্যায়নে উঠে এসেছে। সেই কারণেই নতুন সরকার সিদ্ধান্তে পৌঁছেছে যে তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়।
