শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বুধবার সকালে বাবাকে হারালেন অভিনেতা। কোনও অসুস্থতা ছিল না অনুজয়ের বাবার। আচমকাই এ ঘটনায় ভেঙে পড়েছে অভিনেতার পরিবার।
এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী দেবারতি চক্রবর্তী জানান, “সম্ভবত ফুসফুসে সংক্রমণ হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে বাবাকে কলকাতায় নিয়ে আসি চিকিৎসার জন্য। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। তখন ভেবেছিলাম পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক চিকিৎসা হবে।”
অনুজয়ের বাবাকে ৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থও ছিলেন এবং ৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দেবারতি চক্রবর্তী বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, এটি যে কোনও মুহূর্তে ঘটতে পারে। খুবই আকস্মিক মৃত্যু। এরপর হাসপাতাল থেকে ছাড়ানো সম্ভব হয়নি। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল এবং ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ সকালে আমরা জানতে পেরেছি, তিনি আর নেই।”
মৃত্যুকালে অভিনেতার বাবার বয়স হয়েছিল ৬৫। এই জুলাই মাসে ৬৬ বছর হত তাঁর।
