অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স-র বিক্রিতে রেকর্ড, আয় বাড়লো ১৫.৮%

অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড (ABD) ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যবসায়িক আয়ে ১৫.৮ শতাংশ বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত করেছে। সংস্থার আয় বেড়ে হয়েছে ১,১৫২ কোটি টাকা। একই সময়ে ত্রৈমাসিক বিক্রির পরিমাণ রেকর্ড ১ কোটি কেসে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের ৯০ লক্ষ কেসের তুলনায় ১১.১ শতাংশ বেশি।

৩০ সেপ্টেম্বর, ২০২৬-এ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার ইবিআইটিডিএ বা সুদ, কর, অবচয় ও ঋণ পরিশোধের আগের আয় ১০ শতাংশ বেড়ে ১৪৩ কোটি টাকা হয়েছে। অন্যদিকে, কর-পরবর্তী মুনাফা (PAT) ৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৯ কোটি টাকা। তবে, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে হওয়া ২৯ কোটি টাকার প্রভাব বাদ দিলে সংস্থার ইবিআইটিডিএ হতো ১৭২ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা দাঁড়াত ৯১ কোটি টাকা।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অমর সিনহা জানান, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, প্রিমিয়াম পণ্যের প্রসার এবং পরিচালনগত দক্ষতা বাড়ানোই সংস্থার প্রধান অগ্রাধিকার। অক্টোবর মাসে উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি বোতলজাতকরণ কেন্দ্র এবং তেলেঙ্গানার রঙ্গাপুরে একটি মল্ট ডিস্টিলারি চালু করেছে সংস্থা।

এদিকে, আন্তর্জাতিক বাজারেও ব্যবসার পরিধি বাড়িয়েছে এবিডি । আগের ত্রৈমাসিকের ৩৬টি দেশের পরিবর্তে বর্তমানে ৪২টি দেশে সংস্থার উপস্থিতি রয়েছে। সংস্থার আইকনিক হোয়াইট হুইস্কির বিক্রির পরিমাণও গত বছরের তুলনায় ২০.৬ শতাংশ বেড়ে ৩২ লক্ষ কেসে পৌঁছেছে।

কলকাতায়, পশ্চিমবঙ্গের বাজারে নতুন প্যাকেজিংয়ে অফিসার’স চয়েস ব্লু-এর বিপণন শুরু করেছে সংস্থা। এর মাধ্যমে পূর্ব ভারতের বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করার উপর গুরুত্ব দিচ্ছে এবিডি। পাশাপাশি, উৎসবের মরশুমে বাড়তি চাহিদার জেরে আগামী দিনেও সংস্থার আয়ের বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।