প্রশাসনিক রদবদল, রাজ্যের ৫৭ জন আধিকারিককে সরাল নবান্ন

ভোটার তালিকার নিখুঁত সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার প্রহর গোনা শুরু হয়েছে। তার আগেই সোমবার এক নজিরবিহীন প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এক ঝটকায় বদলি করা হল মোট ৫৭ জন আইএএস আধিকারিককে।

সূত্রের খবর, বদল হওয়াদের মধ্যে রয়েছেন ১০ জন জেলাশাসক, ২২ জন অতিরিক্ত জেলাশাসক, ১৫ জন মহকুমাশাসক ও অফিসার অন স্পেশ্যাল ডিউটি (OSD) পদে থাকা ১০ জন আধিকারিক।

জেলাশাসক বদলের তালিকায় রয়েছে — উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ ও বীরভূম।

নবান্নের সূত্রে খবর — “যে সব আধিকারিক ৩ বছরের বেশি সময় ধরে একই পদে রয়েছে, ভোটের আগে নিয়ম মেনেই তাঁদের বদল করা হয়েছে।” যদিও রাজনৈতিক মহলের মতে, সোমবার বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের আগে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, এসআইআর নিয়ে কমিশনের বড় সিদ্ধান্ত ঘোষণার আগেই সরকার প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখল।

এদিকে প্রশ্ন উঠছে— এবার কি একই কায়দায় আইপিএস আধিকারিকদেরও বদলি করা হতে পারে? প্রশাসনিক ও রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।

রাজ্যে ভোটের আগের আবহে এই রদবদল নিঃসন্দেহে বাড়িয়েছে উত্তেজনা ও জল্পনা।