ভুয়ো টিকিটে ঢোকার চেষ্টা, বাধা দিতেই নিরাপত্তারক্ষীদের ওপর হা*মলা

ভুয়ো টিকিট দেখিয়ে ওয়ার্ডে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বাধার মুখে পড়তেই নিরাপত্তারক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অভিযোগ, গেট পাস দেখিয়ে একে একে তিনজন মহিলা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে। সেই সময় অতিরিক্ত একজনকে সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তারক্ষী দেবাশিষ মণ্ডল। তাঁর টিকিট যাচাই করতে গেলে হঠাৎই বচসা বাধে। এরপর অভিযুক্তদের আরও কয়েকজন এসে দেবাশিষ মণ্ডলের ওপর চড়াও হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে আসে অন্যান্য নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাঁদেরও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় মোট চারজন নিরাপত্তা কর্মী জখম হয়েছে। তাঁদের মধ্যে সঙ্গীতা মণ্ডল নামে এক মহিলা নিরাপত্তারক্ষী বর্তমানে মালদা মেডিক্যালেই চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, ঘটনার সময় হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলেও কোনও পুলিশ কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাননি বলেও অভিযোগ। ফলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তারক্ষীরাই।

জানা গিয়েছে, অভিযুক্তরা ইংরেজবাজার শহরের মহেষমাটি এলাকার বাসিন্দা। তাঁদের এক শিশু মাতৃমা বিভাগের চারতলায় ভর্তি রয়েছে। ইতিমধ্যেই পাঁচজন মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে কর্মীদের মধ্যে।