শিলিগুড়ির সাফাই ব্যবস্থায় গতি আনতে নয়া গাড়ি, উদ্বোধনে মন্ত্রী শঙ্কর ঘোষ

শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগম। ‘সেবা জ্যোতি যাত্রা’র মঞ্চ থেকে বাঘাযতীন পার্কে শিলিগুড়ি পৌরনিগমের একাধিক পরিষেবা ও বর্জ্য ব্যবস্থাপনার গাড়ির উদ্বোধন করা হল। অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন গাড়িগুলির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, নতুন গাড়িগুলি শহরের বিভিন্ন এলাকায় সাফাই এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হবে। এর ফলে আবর্জনা সংগ্রহ, পরিবহণ এবং শহর পরিষ্কারের কাজ আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র পৌরনিগমের দায়িত্ব নয়। শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলা এবং বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম মেনে চলার জন্যও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি নতুন পরিষেবা ও বর্জ্য ব্যবস্থাপনার গাড়িগুলির সঠিক ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উপরও জোর দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু নতুন গাড়ি নামালেই হবে না, সেগুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি। শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর শিলিগুড়িবাসীর।