নেপাল থেকে শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কি বর্ডার হয়ে দিল্লী যাওয়ার পথে ধরা পড়লো দুই বাংলাদেশী নাগরিক ও এক ভারতীয় দালাল। ভারত নেপাল পানিট্যাঙ্কি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসএসবি জওয়ানরা এই তিনজনকে আটক করে।
ধৃতদের মধ্যে ভারতীয় নাগরিকের নাম দেবাশীষ চক্রবর্ত্তী। অপর দুই বাংলাদেশী নাগরিক হলো জাহিদুল ইসলাম ও সুশান্ত চন্দ্র দাস। তল্লাশিতে ধৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নেপালি, বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা সহ একাধিক জাল নথিপত্র উদ্ধার হয়েছে।
এসএসবি সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধৃত দেবাশীষ স্বীকার করেছে যে, সে মাথাপিছু ৫০ হাজার টাকা চুক্তি করে দুই বাংলাদেশীকে দিল্লী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলো। তবে গোপন সূত্রে খবর পেয়ে এর আগেই এসএসবি তাদের পাকড়াও করে।
পরে তিনজনকেই খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে জানা যায়।
