জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বিজেপি ক্ষমতায় আসতেই বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বাংলা সহ গোটা দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যাবে।
জানা গিয়েছে, শহর কলকাতার সব তাবড় তাবড় মাল্টি স্পেশ্যালিটি, সুপারস্পেশ্যালিটি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যাবে। কেপিসি মেডিক্যাল কলেজ, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, পিয়ারলেস হাসপাতাল, ডিসান হাসপাতাল, রুবি হাসপাতাল, মেডিকা হাসপাতাল, মুকুন্দপুর ও সল্টলেকের মণিপালে এই সরকারি প্রকল্পের সুবিধা মিলবে।
তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের জায়গায় বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে চলেছে। এতদিন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যেত। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও অন্যথা হবে না বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে এনআরএস, এসএসকেএম, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজে এই পরিষেবা পাওয়া যাবে।
