যুগান্তকারী এক রায় দিল কলকাতা হাইকোর্ট

যুগান্তকারী এক রায় দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এক শিশুর মা হাই কোর্টে আবেদন করেছিলেন যাতে তাঁর শিশুর জন্ম সংক্রান্ত শংসাপত্রে বাবার পদবীর বদলে সৎ বাবার পদবী ব্যবহার করা যায়। আদালতে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট মহিলার প্রথম স্বামী তাঁর শিশুর পিতা। তবে পরবর্তীকালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

দ্বিতীয় স্বামীর হাত ধরে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সেই মহিলা। সৎ পিতাকেই বাবা হিসেবে চিনতে শেখে তাঁর সন্তান। তবে শিশুটির বার্থ সার্টিফিকেটে ব্যবহার করা হয়েছিল আসল বাবার পদবী। এবার এই নিয়ে বড় রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জানান, ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে কারোর হাইপার টেকনিক্যাল হওয়ার প্রয়োজন নেই।

পরিস্থিতি বদলেছে, তাই এবার ওই শিশুর জন্ম শংসাপত্র বদল করা দরকার। প্রয়োজনীয় বদল যদি না করা হয় তাহলে ভবিষ্যতে ওই শিশু এবং তাঁর পরিবারের সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এবার সেখানেই মান্যতা দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।