প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ের অভিযোগ, গ্রে*ফতার কংগ্রেস নেতা মলয় রায়

প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে গ্রেফতার হলেন কংগ্রেস নেতা মলয় রায়। বুধবার তাঁকে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে প্রথম স্ত্রীকে আইনত বিবাহবিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ। এই ঘটনায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতেই মলয় রায়কে গ্রেফতার করা হয়।

মলয় রায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেয়। বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলার তদন্ত চলছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত মলয় রায় বা কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।