ভারতে দ্রুত ডেলিভারি পরিষেবা ‘অ্যামাজন নাও’ ১২০টিরও বেশি শহরে সম্প্রসারণ করল অ্যামাজন। মাত্র দুই সপ্তাহে পরিষেবাটির পরিধি দ্বিগুণ হয়েছে। অমৃতসর, জলন্ধর, আম্বালা, ম্যাঙ্গালোর, কোচি, ভুবনেশ্বরসহ একাধিক শহরের গ্রাহক এখন কয়েক মিনিটে পণ্য পাচ্ছেন।
মুদিখানা, ফল-সবজি, হিমায়িত খাবার, ব্যক্তিগত পরিচর্যা, ফ্যাশন-বিউটি, ছোট বৈদ্যুতিক যন্ত্র এবং ঘর-রান্নাঘরের সামগ্রীসহ হাজার হাজার পণ্য এই পরিষেবায় পাওয়া যাচ্ছে। প্রায় ৮০০টি ক্ষুদ্র ও শহুরে পণ্য পূরণকেন্দ্রের মাধ্যমে অর্ডার সরবরাহ করা হচ্ছে।
অ্যামাজন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হর্ষ গোয়েল জানান, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আগে দেশের আরও বেশি গ্রাহকের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি পৌঁছে দিতেই এই সম্প্রসারণ। প্রতি ত্রৈমাসিকে ‘অ্যামাজন নাও’-এর অর্ডার দ্বিগুণ হচ্ছে বলে দাবি সংস্থার।
সেপ্টেম্বরে সংস্থা জানায়, গত তিন মাসের হিসাবে ভারতে ‘অ্যামাজন নাও’-এর বার্ষিক হিসাবভিত্তিক মোট বিক্রয়মূল্য ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। ৩০০টিরও বেশি শহরে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে অ্যামাজন।
৮ই অক্টোবর থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে ‘অ্যামাজন নাও’-এ বিভিন্ন পণ্যে বিশেষ অফার থাকবে। এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ইএমআই লেনদেনে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় এবং প্রাইম সদস্যদের অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুবিধা মিলবে।
